বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের অতি পরিচিত এবং ব্যস্ততম এলাকা চাষাড়া রেল স্টেশন ও রেললাইন সংলগ্ন ইসদাইল বাজার এলাকা। একসময় যে এলাকাটি সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের কোলাহলে মুখরিত থাকত, তা এখন পরিণত হয়েছে এক ভয়ংকর অপরাধ ও মাদকের অভয়ারণ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, এই পুরো অপরাধ সিন্ডিকেটের নেপথ্যে রয়েছে শাকিল ও জাহিদ নামের দুই প্রভাবশালী শীর্ষ সন্ত্রাসী।
হত্যার একাধিক মামলা ও অঢেল অবৈধ সম্পদ
অভিযোগ রয়েছে, শাকিল ও জাহিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ও অসংখ্য মাদক মামলা ঝুলছে। অপরাধ জগতের এই কালো পথ ধরেই খুব অল্প সময়ে তারা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে গেছে। একাধিক বিলাসবহুল বাড়ি, একাধিক গাড়ি এবং কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে এই চক্র। কিশোর গ্যাংকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পুরো এলাকার আধিপত্য নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা।
প্রশাসনের ওপর হামলা ও অধরা সিন্ডিকেট
সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আভিযানিক দলের ওপর বারবার হামলার ঘটনা ঘটেছে। র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে এই সিন্ডিকেটের সদস্যরা গুলি বর্ষণ ও হামলা চালাতে দ্বিধা করছে না। সম্প্রতি যৌথ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন সহযোগীকে আটক করতে পারলেও মূল হোতা শাকিল ও জাহিদ প্রতিবারই কৌশলে কিংবা প্রভাব খাটিয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনকে ম্যানেজ করে এবং প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় থেকে তারা খোলামেলাভাবে এই মাদক ব্যবসা ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের
চাষাড়া রেললাইন ও ইসদাইল বাজারের ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা প্রতিদিনের এমন অস্থিরতায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দিন-দুপুরে অস্ত্র উঁচিয়ে মহড়া, কিশোর গ্যাংয়ের উৎপাত এবং মাদক সেবীদের প্রকাশ্য আনাগোনায় স্থানীয় পরিবেশ চরম বিষাক্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন—কবে অবসান ঘটবে এই মাদক সাম্রাজ্যের? নাকি চিরকাল ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে এই দুর্ধর্ষ শাকিল-জাহিদ সিন্ডিকেট?
এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিশেষ অভিযান চালিয়ে এই সিন্ডিকেটের মূল উপাটন করা হোক এবং মূল হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।