Rশরীয়তপুরের সখিপুরের কবির হাওলাদারের কান্দি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সেনা সদস্যের বাড়ির ফলজ গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী আলী মিয়া বেপারীসহ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লিখিত অভিযোগে জানা যায়, উত্তর সখিপুর ইউনিয়নের কবির হাজানদার কান্দি গ্রামের বাসিন্দা মোঃ খলিলুর রহমান বেপারী (৬২) জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। এর জেরে গত ০৫ মে সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে প্রতিপক্ষরা তাদের বাড়ির সীমানা ঘেঁষে থাকা বেশ কিছু ফলজ গাছ কেটে ফেলে এবং বেড়া ভেঙে ক্ষয়ক্ষতি করে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনী-এর সৈনিক মো. গোলাম মোর্তজা বর্তমানে কর্মরত রয়েছেন। তার পরিবারের দাবি, তিনি দেশে দায়িত্বস্থলে থাকাকালীন সময়েই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
ভুক্তভোগীর ভাষ্য, বাধা দিতে গেলে অভিযুক্তরা উত্তেজিত আচরণ করে এবং হুমকি প্রদান করে। পরবর্তীতে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আলী মিয়া বেপারী (৭০), দীল মোহাম্মদ বেপারী (৬০), মহন বেপারী (৫৫), কামাল বেপারী (৩৮), কুদ্দুস বেপারী (৪০) ও রাকিব বেপারীর (৩০) নাম উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত আলী মিয়া বেপারী অভিযোগকে অস্বীকার করে বলেন, “আমাদের সীমানা প্রাচীরের গাছগুলো পড়েছে রাস্তা ও মানুষ চলাচলের জন্য কাটা হয়েছে এলাকায় শালিশী করে দেওয়া হয়েছে তাই কেটেছি আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হয়েছে।”
এ বিষয়ে সখিপুর অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসাইন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে এমন ঘটনা ঘটছে, যা দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।
০৫/০৫/২০২৬