নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে প্রশাসনের উচ্ছেদ অভিযানের কয়েকদিন পার হতে না হতেই আবারও পুরনো চেহারায় ফিরেছে ঘাট এলাকা। উচ্ছেদকৃত জায়গায় পুনরায় দোকানপাট বসিয়ে দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু রাজনৈতিক নামধারী ব্যক্তির ছত্রছায়ায় এই দখলদারিত্ব ও চাঁদাবাজি চলছে।
গত কয়েকদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবীগঞ্জ ঘাটে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। তখন দাবি করা হয়েছিল, ঘাট এলাকাকে সম্পূর্ণ দখলমুক্ত রাখা হবে। তবে বাস্তবে দেখা গেছে, প্রশাসনের চলে যাওয়ার পরপরই আবারও সেখানে সারি সারি দোকান বসানো হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মূলত বিএনপি নামধারী কিছু স্থানীয় নেতার আশ্রয়ে এই দখল প্রক্রিয়া চলছে। বিশেষ করে নাসির নামক এক ব্যক্তি ও তার সহযোগীরা পুরো ঘাট এলাকা নিয়ন্ত্রণ করছেন। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান:
নিয়মিত চাঁদা আদায়: প্রতিটি অবৈধ দোকান থেকে নাসির ও তার বাহিনী নিয়মিত হারে চাঁদা আদায় করছে।
অবৈধ বিদ্যুৎ সংযোগ: সেখানে সরকারি লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে দোকানদারদের কাছ থেকে দীর্ঘ দিন ধরে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ কর্মকাণ্ড চললেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে নির্বিঘ্নে এই দখল ও চাঁদাবাজি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।
ঘাটে আসা সাধারণ যাত্রীরা জানান, অবৈধ দোকানপাটের কারণে ঘাটে চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। সাধারণ মানুষ এই দখলদার চক্রের হাত থেকে ঘাট এলাকাকে স্থায়ীভাবে মুক্ত করতে এবং চাঁদাবাজ নাসিরসহ তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।