নারায়ণগঞ্জের গলাচিপা রোডে দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ শুরু হলেও, তার সুফল জনগণের ঘরে পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়। প্রকল্পের কাজ শেষ হতে না হতেই প্রকাশ্যে সরকারি ড্রেনের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বাড়ির মালিকের বিরুদ্ধে।
গলাচিপা রোডের একটি বহুতল ভবনের সামনে নবনির্মিত সরকারি ড্রেনের ওপর ইটের দেয়াল গেঁথে সীমানা বাড়ানো হচ্ছে। জনৈক বাড়ির মালিক সরকারি এই জায়গাকে নিজের আঙিনা বানানোর প্রক্রিয়ায় মেতেছেন।
স্থানীয়রা বলছেন, কাজ চলাকালীন সময়েই এভাবে দখল হয়ে গেলে রাস্তাটি আগের মতোই সংকীর্ণ থেকে যাবে।
এলাকাবাসীর অভিযোগ, এই দখলদারিত্বকে বৈধতা দিতে পরবর্তীতে এখানে গাছ লাগিয়ে ‘সৌন্দর্য বর্ধন’ বা বাগান করার নাম দেওয়া হবে। প্রশাসনের চোখ এড়াতে কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে ‘মামা-খালুর’ পরিচয়ে এই কাজ চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা।
ভোগান্তির মুখে এলাকাবাসী
গলাচিপার এই রাস্তাটি এমনিতেই বেশ সংকীর্ণ। দীর্ঘ কয়েক বছর পর এখানে ড্রেনেজ ব্যবস্থার কাজ ধরা হয়েছে। কিন্তু ড্রেনের ওপর যদি এভাবে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা গড়ে ওঠে,
তবে ভবিষ্যতে ড্রেন পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়বে।
রাস্তার প্রশস্ততা কমে গিয়ে চিরস্থায়ী যানজটের সৃষ্টি হবে।
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেবে।
প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
সরকারি সম্পদ রক্ষায় এবং জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে স্থানীয় কাউন্সিলর ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। তাদের দাবি, নির্মাণাধীন এই অবৈধ স্থাপনা এখনই গুঁড়িয়ে দিয়ে ড্রেনের ওপরের জায়গা দখলমুক্ত রাখা হোক।