নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের নিচে বিস্তীর্ণ ফাঁকা জায়গাজুড়ে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নিচের নির্জন এলাকাগুলো মাদক কারবারিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ফ্লাইওভারের নিচে বিভিন্ন স্থানে অন্ধকার ও জনমানবশূন্য পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে ১৬৬ থেকে ১৮৫ নম্বর পিলার পর্যন্ত এলাকায় মাদক কেনাবেচা বেশি হয়ে থাকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বাড়তে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে মাদক লেনদেনের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে। অনেক সময় মাদকসেবীদের কারণে সাধারণ পথচারী ও ব্যবসায়ীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জানান, কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও স্থায়ীভাবে পরিস্থিতির উন্নতি হয়নি।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এলাকাটি আরও ভয়াবহ মাদক চক্রের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।